রবিবার ৩ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান তলিয়ে যেতে দেখে হতাশায় কৃষকের মৃত্যু

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Farmer dies in despair after seeing paddy fields sink in Nasirnagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান তলিয়ে যেতে দেখে হতাশায় কৃষকের মৃত্যু/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আহাদ মিয়া (৫৫) উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্ৰামের মৃত হরমুজ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে মাঠে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর পুরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই স্ট্রোক করে মারা যান বলে নিশ্চিত করেন তার ভাগিনা জয়নাল মিয়া।

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, জমির সব ধান নষ্ট হয়ে যেতে দেখে আমার ভাই সহ্য করতে পারেনি। ঘটনাস্থলেই ঢলে পড়ে মারা যায়।তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। জোহরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, ঘটনাটি সত্য, একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ওই কৃষকের বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন