
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের প্রায় ২০০ মিটার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. রাব্বি (২৮), রায়হান (১৮), শাওন মল্লিক (১৮), রায়হান আহমেদ রিজিক (১৬), সাইফুল ইসলাম সিজান (১৬) ও এনামুল হক নিরব (১৭)। তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একদল ব্যক্তি রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







