বুধবার ২২ জুলাই, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে কুমিল্লা সিটি করপোরেশন, বিভিন্ন এলাকায় লার্ভাসাইড নিধন অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে কুমিল্লা সিটি করপোরেশন, বিভিন্ন এলাকায় লার্ভাসাইড স্প্রে
ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে কুমিল্লা সিটি করপোরেশন, বিভিন্ন এলাকায় লার্ভাসাইড স্প্রে/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভাসাইড স্প্রে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) নগরীর ৩, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী সড়কের দুই পাশ, কোবা মসজিদ গলি, পান্থপথ গলি এবং পলাশী গলিতে স্প্রে কার্যক্রম চালানো হয়।

এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের নিমতলি রোডের দুই পাশ, সদর হাসপাতালের সামনের এলাকা, ভিক্টোরিয়া কলেজের পেছনের গলি, মিডল্যান্ড হাসপাতাল গলি এবং ইসলামী ব্যাংক গলিতেও এডিস মশার লার্ভা নিধনে লার্ভাসাইড স্প্রে করা হয়।

১৩ নম্বর ওয়ার্ডে বড় পুকুরপাড় মসজিদ গলি, কাউন্সিলর বাড়ির সামনের সড়ক, লুৎফুন্নেছা স্কুল রোড, চর্থা চৌমুহনী, পীর বাড়ি গলি এবং দক্ষিণ চর্থা কালুমিয়া পুকুরপাড় জামে মসজিদ গলিতে অভিযান পরিচালিত হয়।

এ ছাড়া কুমিল্লা সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, দক্ষিণ চর্থা শাহনাজ গলি, দক্ষিণ চর্থা নুর মসজিদ গলি, দক্ষিণ চর্থা ছৈয়দ বাড়ি এবং শুভপুর হারুন স্কুল রোড এলাকাতেও স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভাসাইড প্রয়োগ করা হয়।

ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নগরবাসীকেও বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন