
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যু্গ্ম আহ্বায়ক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৮তম বছরে পদার্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের অংশ। বিশেষ করে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী রাজপথে থেকে কাজ করে যাবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে এবং একটি আধুনিক, উন্নত ও সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।’
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি টেকসই ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, দূষণমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকার।’









