বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও চালু ভারতীয় ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু ২৮ জুন

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - India Bangladesh visaRisingCumilla - India Bangladesh visa
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা পুনরায় ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, “আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। একই সঙ্গে মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদান কার্যক্রমও অব্যাহত থাকবে।”

হাইকমিশনার জানান, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এই সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, “আমি আশা করি, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই আমার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি নিয়মিত ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করবেন, আবেদনকারীদের অভিজ্ঞতা শুনবেন এবং গণমাধ্যমকর্মীদের পরামর্শ গ্রহণ করবেন।

 

আরও পড়ুন