বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - light pressure
প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে মঙ্গলবার ও বুধবার (১৫ ও ১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দেশের সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া নেত্রকোনা, শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য থেকে ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এর ফলে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।

আরও পড়ুন