শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

ফ্রিল্যান্সারদের জন্য আসছে পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mahdi Amin-Paypal
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন বলেছেন, ফ্রিল্যান্সারদের জন্য আসছে পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে।

বাংলাদেশ সরকার নতুন শ্রমবাজার সৃষ্টি, শিল্পায়ন এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশগুলো হলো—সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও বহুমুখী ও শক্তিশালী করবে।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসে প্রধানমন্ত্রীর নেওয়া ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়।

এদিকে দেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজও শুরু হয়েছে। উত্তরবঙ্গকে ‘অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি’ বা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান হাব হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পেপ্যালসহ অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট সেবা বাংলাদেশে চালুর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসব উদ্যোগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা ড. মাহদী আমীন বলেন, সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও পড়ুন