শনিবার ৪ জুলাই, ২০২৬

ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে জুলাই থেকেই শুরু হচ্ছে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম আরও সম্প্রসারণ করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ১৩ জুলাই থেকে ধাপে ধাপে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশনের উপসচিব জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির জারি করা পৃথক সরকারি আদেশ অনুযায়ী, ১৩ জুলাই উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে। দলটি সেখানে সাত দিন অবস্থান করে ভোটার নিবন্ধন কার্যক্রমের প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করবে। পরে ১৫ জুলাই আইডিয়া (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে যোগ দেবে।

সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল দেশটিতে যাবে এবং সাত দিন অবস্থান করবে। এরপর ২৯ জুলাই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যাবে।

অন্যদিকে, ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে। তাদের পর ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ফ্রান্সে পৌঁছাবে।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য কারিগরি ও ব্যবস্থাপনা দলের সফরসংক্রান্ত সব ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া (ফেজ-২) প্রকল্প থেকে বহন করা হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন