
ফেনী সদর উপজেলার ট্রাংক রোড, সার্কিট হাউজ রোড ও মহিপাল এলাকায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন, ফেনীর উদ্যোগে এবং ফেনী পৌরসভার সহযোগিতায় ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত হওয়া ফুটপাত ও সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার সজল।
জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করা, যানজট কমানো এবং শহরের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ ফেনী গড়ে তুলতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








