সোমবার ১৭ আগস্ট, ২০২৬

ফেনীতে বাড়ি ফেরার পথে বাসের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রী সুরাইয়ার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Schoolgirl Suraiya lost her life after being run over by a bus in Feni
ফেনীতে বাড়ি ফেরার পথে বাসের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রী সুরাইয়ার/ছবি: সংগৃহীত

স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার সুরাইয়া (১২)। পথিমধ্যে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছিলোনিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস হঠাৎ তাদের ওপর উঠে যায়। এতে সহপাঠীদের চোখের সামনেই বাসের চাপায় প্রাণ হারান সুরাইয়া। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দাগনভূঞা উপজেলার ছিলেনিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামের মো. হানিফের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে সিলোনিয়া হাই স্কুলের ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে শিক্ষার্থীরা হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ফেনী থেকে নোয়াখালীগামী ‘শরীয়তপুর এক্সপ্রেসের’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও পথচারীদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে কয়েকজন শিক্ষার্থী ও পথচারী হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত ফাতেমা আক্তার সুরাইয়াকে ফেনীর মহিপালের স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের বাসটি চাপা দিলে সুরাইয়া ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন