শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ফুটপাতে বাস করা সেই গোলাপি বেগমকে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -The Prime Minister gifted a house in Brahmanbaria to Golapi Begum, who used to live on the footpath.
ফুটপাতে বাস করা সেই গোলাপি বেগমকে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম অবশেষে নিজের নতুন বাড়িতে উঠেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত বাড়িটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় এক বছর গোলাপি বেগমের চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তাঁর জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নির্মিত বাড়িটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। তাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে, শাহবাগের ফুটপাত থেকে নবীনগরের রতনপুরে নতুন ঘরে গোলাপি বেগমের এই পুনর্বাসনকে তাঁর জীবনে স্থায়ী ঠিকানা ফিরে পাওয়ার একটি নতুন অধ্যায় হিসেবে তুলে ধরেছে আয়োজক সংগঠনটি।

আরও পড়ুন