
জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব দাবি জানান ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।
সংসদে দেওয়া বক্তব্যে নোয়াখালীকে প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দেশের সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছেন বলেও দাবি করেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি—নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীর আয়তন বড় হওয়ায় প্রয়োজনে এখান থেকে আরও দুই-তিনটি জেলা করা সম্ভব। তাই নোয়াখালীকে বিভাগ ঘোষণার বিষয়টি বিবেচনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমবে। পাশাপাশি নোয়াখালীতে একটি বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।
নোয়াখালীর মানুষের অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে এমপি খোকন বলেন, দেশের অর্থনীতিতে নোয়াখালীর মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যেও নোয়াখালীর মানুষের বড় উপস্থিতি রয়েছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে, বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর লোক আছে।”
এ সময় তার বক্তব্যের শেষ পর্যায়ে সংসদের স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, “আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।”
ডেপুটি স্পিকারের এমন মন্তব্যের পর তিনি ‘ধন্যবাদ’ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।










