শুক্রবার ১৯ জুন, ২০২৬

নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩
নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩/প্রতীকি ছবি: এআই/রাইজিং কুমিল্লা

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ মিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে।

‎স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইউসুফ কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সে এবং আরও তিনজন গুরুতর আহত হয়।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

তবে ইউসুফের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সে মারা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে ইউসুফের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় পুরো এলাকায়ও গভীর শোকের আবহ বিরাজ করছে।

আরও পড়ুন