বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: কৃষিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Wheat is currently being cultivated on 288,000 hectares of land in the country- Agriculture Minister
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গম উৎপাদন বৃদ্ধি এবং আবাদ সম্প্রসারণে সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার (মহিলা আসন-৩৫) এক লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দেশে গম চাষ সম্প্রসারণে নতুন ও উচ্চ ফলনশীল জাতের গমের আবাদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ধানভিত্তিক ফসল চক্রে গম অন্তর্ভুক্তকরণ এবং উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটিতে অধিক লাভজনক চার ফসলভিত্তিক চাষাবাদ জনপ্রিয় করার কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল ভূমি এবং তামাক চাষের জমিসহ অপ্রচলিত এলাকাগুলোতেও গমের আবাদ সম্প্রসারণে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, হেক্টরপ্রতি ৬ টন বা তার বেশি ফলনশীল গমের নতুন জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং গমের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি জানান, গম চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রতি বছর প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলার ২ লাখ ৭৯ হাজার ৩০০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

আরও পড়ুন