
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিউটিরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেছেন।
তিনি বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:
- প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি বজায় রাখতে হবে।
- আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে সদাচরণ ও বিনয়ী ব্যবহার করতে হবে।
- ডিউটির সময় সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা আবশ্যক।
- সিসিটিভি ক্যামেরা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সর্বদা সক্রিয় রাখতে হবে।
- সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চিহ্নিত হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
- বিশৃঙ্খলা এড়াতে ভিড় নিয়ন্ত্রণে সচেতনভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।
- আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে।
- ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন বা অন্যান্য কাজে অমনোযোগিতা করা যাবে না।
- জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
- জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জাগিয়ে তোলার মতো আচরণ করতে হবে।
- উৎসব চলাকালীন প্রতিটি সদস্যকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।
এসপি আরও বলেন, “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন সম্ভব।”
ব্রিফিং শেষে তিনি সকল সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শামীম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।








