মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - All tourist spots in Bandarban closed until July 10 due to continuous rain.
টানা বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ/ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের প্রবেশ এবং ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি অব্যাহত থাকায় পাহাড়ি এলাকায় ভূমিধস, আকস্মিক পাহাড়ি ঢল এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন