সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

জামালপুরে ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ে নিহত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Mother and 2 daughters die after tree falls on home in Jamalpur storm
জামালপুরে ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু/ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ উপড়ে পড়ে মা ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার ফতে (৩৭)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রাতে খুকি বেগম তার দুই মেয়েকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রাতে দুর্ঘটনা ঘটলেও সকালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করে।

ইউএনও জিন্নাতুল আরা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন