মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

ছাত্র আন্দোলনে সারা দেশে শিশুসহ নিহত ৬৫০ জন: জাতিসংঘ

রাইজিং ডেস্ক

United Nations (UN)
জাতিসংঘ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সারাদেশে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের।

শুক্রবার (১৬ আগস্ট) প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।

জেনেভা থেকে প্রকাশিত ১০ পাতার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ জন এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে আরও ২৫০ জন নিহত হয়েছেন। এই তথ্য সংগ্রহে বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনকারীদের মুভমেন্টকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন। যেখানে মোট ২১টি পরামর্শ দেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজাদারি ব্যবস্থা নেওয়া। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা, যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা।

 

আরও পড়ুন