রবিবার ১৪ জুন, ২০২৬

খালি পেটে চা-কফি বা ফলের রস, কতটা নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

RisingCumilla - drink tea-fruit juice
ছবি: পিকজাবে

সকালের শুরুতে এক কাপ গরম চা বা কফি অনেকেরই দৈনন্দিন অভ্যাস। আবার স্বাস্থ্য সচেতনদের কেউ কেউ খালি পেটে ফলের রস, গ্রিন টি কিংবা বিভিন্ন ফল খেয়ে দিন শুরু করেন। তবে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণা হলো, খালি পেটে এসব খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সবার ক্ষেত্রে এক নয়।

সম্প্রতি পুষ্টিবিদ কিরণ কুকরেজা সকালে খালি পেটে সাইট্রাস বা টকজাতীয় ফল, আপেল, গ্রিন টি, চা, কফি, মসলাদার খাবার ও ফলের রস এড়িয়ে চলার পরামর্শ দেন। তবে গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. সুজিত নায়ারের মতে, সুস্থ মানুষের জন্য এসব খাবার অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকর নয়। একজন মানুষের হজমশক্তি, শারীরিক অবস্থা এবং বিদ্যমান রোগের ওপর এর প্রভাব নির্ভর করে।

বিশেষজ্ঞদের মতে, লেবু, কমলা বা আনারসের মতো টকজাতীয় ফল স্বাভাবিকভাবেই কিছুটা অ্যাসিডিক। যাদের অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারা খালি পেটে এসব ফল খেলে বুক জ্বালাপোড়া বা অস্বস্তি অনুভব করতে পারেন। তবে সুস্থ মানুষের জন্য এসব ফল পুষ্টিকর এবং সহজপাচ্য।

অন্যদিকে আপেলকে খালি পেটে খাওয়ার জন্য নিরাপদ খাবার হিসেবে বিবেচনা করা হয়। এতে থাকা ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও হজমপ্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে।

চা ও কফির ক্ষেত্রে ক্যাফেইন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়াতে পারে। ফলে কিছু মানুষের পেট ফাঁপা, অস্বস্তি, বমিভাব বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তবে যাদের ক্যাফেইনে সংবেদনশীলতা নেই, তারা সাধারণত কোনো সমস্যা ছাড়াই সকালে চা বা কফি পান করতে পারেন।

এছাড়া সকালে অতিরিক্ত মসলাদার খাবার খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। বিশেষ করে গ্যাস্ট্রিক বা আলসারের রোগীদের জন্য এটি সমস্যা বাড়াতে পারে।

ফলের রসকে অনেকেই স্বাস্থ্যকর মনে করলেও বিশেষজ্ঞরা বলছেন, আস্ত ফলের তুলনায় এতে ফাইবার কম থাকে। ফলে খালি পেটে ফলের রস পান করলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সকালের নাশতায় কী খাবেন না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কী খাবেন। একটি সুষম সকালের নাশতায় পর্যাপ্ত পানি, প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকা উচিত। এ জন্য তাজা ফল, ভেজানো বাদাম, টক দই, সেদ্ধ ডিম, সবজি এবং ডালজাতীয় খাবার ভালো বিকল্প হতে পারে।

তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক, আলসার বা ডায়াবেটিস রয়েছে, তাদের সকালের খাবার নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ধরনের ব্যক্তিদের জন্য অতিরিক্ত ক্যাফেইন, মিষ্টি পানীয় এবং অতিরিক্ত অ্যাসিডিক খাবার এড়িয়ে চলা নিরাপদ হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন