
ইলিশ বাঙালির রসনায় শুধু একটি মাছ নয়, বরং স্বাদ ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। গরম ভাতের সঙ্গে তেলঝরা ইলিশের স্বাদ নিতে পছন্দ করেন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে বাজারে ইলিশ কিনতে গিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, মাছটি নদীর নাকি সমুদ্রের?
ভোজনরসিকদের কাছে নদীর ইলিশের কদর আলাদা। প্রচলিত ধারণা অনুযায়ী, নদীর ইলিশ তুলনামূলক বেশি সুস্বাদু ও তেলতেলে হয়। এই মাছ মূলত প্ল্যাঙ্কটন খায়, যা এর স্বাদ ও গন্ধে বিশেষ প্রভাব ফেলে বলে মনে করা হয়।
তবে বাজারে শুধু চোখের দেখায় নদী ও সমুদ্রের ইলিশ আলাদা করা সব সময় সহজ নয়। মাছ কেনার সময় কয়েকটি বাহ্যিক বৈশিষ্ট্য খেয়াল করলে নদীর ইলিশ চেনা কিছুটা সহজ হতে পারে।
নদীর ইলিশ চেনার ৫ উপায়—
১. আকার ও পেট: নদীর ইলিশ সাধারণত কিছুটা চ্যাপ্টা ও মোটা পেটের হয়। বিপরীতে সমুদ্রের ইলিশ তুলনামূলক সরু ও লম্বাটে হয়ে থাকে।
২. মাথার গড়ন: নদীর ইলিশের মাথা সাধারণত ছোট ও চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে।
৩. শরীরের রং: নদীর ইলিশের শরীর তুলনামূলক উজ্জ্বল ও পুরোপুরি রুপালি রঙের দেখা যায়।
৪. পেট ও পিঠের রং: নদীর ইলিশের পেটের কাছে লালচে আভা থাকতে পারে। এর পিঠ সাধারণত খুব বেশি কালচে হয় না। অন্যদিকে সমুদ্রের ইলিশের পিঠের অংশ কিছুটা কালচে হতে পারে।
৫. চোখ ও কানকো: নদীর ইলিশের চোখ সাধারণত স্বচ্ছ এবং কানকো টকটকে লাল থাকে।
তাই বাজারে ইলিশ কেনার সময় শুধু আকার বা ওজনের দিকে না তাকিয়ে মাছের পেট, মাথা, শরীরের রং, চোখ ও কানকোর অবস্থাও খেয়াল করতে পারেন। এসব বৈশিষ্ট্য মিলিয়ে দেখলে নদীর ইলিশ বেছে নেওয়া তুলনামূলক সহজ হতে পারে।










