
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন শশীদল বিওপির একটি টহলদল ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, “বিজিবিকে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছি। মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









