বুধবার ১৫ জুলাই, ২০২৬

কুমিল্লার বার্ড এর প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Celebration of the 112th Birth Anniversary of Dr. Akhter Hameed Khan, Architect of the ‘Comilla Model’
‘কুমিল্লা মডেল’-এর রূপকার ড. আখতার হামিদ খানের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন/ছবি: প্রতিনিধি

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী, বিশ্ববরেণ্য পল্লী উন্নয়ন চিন্তাবিদ ড. আখতার হামিদ খানের ১১২তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির সূচনা হয় বার্ড প্রাঙ্গণে ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের সাবেক মহাপরিচালক এম. খায়রুল কবীর। তিনি বলেন, ড. আখতার হামিদ খান ছিলেন বিশ্বব্যাপী পল্লী উন্নয়নের অন্যতম পথিকৃৎ। তাঁর নেতৃত্বে বার্ডে উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নের একটি সফল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এবং আজও বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হচ্ছে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। তিনি তাঁর উপস্থাপনায় ড. আখতার হামিদ খানের জীবনদর্শন, পল্লী উন্নয়নে তাঁর অসামান্য অবদান এবং গ্রামীণ সমাজ সংস্কারে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) মিজ আইরীন পারভিন। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন বার্ডের অনুষদ সদস্যরা এবং একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বার্ডের অনুষদ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন বার্ডের সহকারী পরিচালক জুবায়ের আল ইবাদ।

এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও ড. আখতার হামিদ খানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. আখতার হামিদ খানের আদর্শ, কর্মদর্শন এবং গ্রামীণ উন্নয়নের দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে টেকসই পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নতুন উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন