
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার বাস্তবায়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২ মে থেকে শুরু হচ্ছে।
মো. বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ জেলা কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২ মে) বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ৬৪ জেলায় একযোগে এই ক্রীড়া আয়োজনের উদ্বোধন করবেন। এর অংশ হিসেবে কুমিল্লা জেলাতেও একই সময়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কুমিল্লায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
আয়োজক সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৮টি ক্রীড়া ইভেন্টে কিশোর-কিশোরীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু ও তায়কোয়ান্দো)।
কুমিল্লা জেলায় সিটি কর্পোরেশনসহ ১৭টি উপজেলা দল মিলিয়ে মোট ১৮টি দলের ৩৫৮৭ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেন। বাছাই পর্ব শেষে ২৫৯২ জন কিশোর-কিশোরী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতাগুলো জেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, দাবা ও অ্যাথলেটিক্স; জিমনেসিয়ামে কাবাডি, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট; এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের পুকুরে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হবে।
আগামী ২ মে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে ১০ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের কার্যক্রম শেষ হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কিশোর-কিশোরীদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে।









