বুধবার ১০ জুন, ২০২৬

কুমিল্লার নিমসারে অবৈধ থ্রি-হুইলার আটক করায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Highway police vehicle attacked and vandalized after illegal three-wheeler seized in Nimsar, Comilla
কুমিল্লার নিমসারে অবৈধ থ্রি-হুইলার আটক করায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের একটি টহল দলের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় থ্রি-হুইলার চালকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এতে হাইওয়ে পুলিশের গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

স্থানীয়দের মতে, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও মাঝে মধ্যেই এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন