বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬

কুমিল্লায় ঈদুল আজহার জামাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Eid-ul-Azha congregation in Comilla seeks peace for the country and Muslim Ummah
কুমিল্লায় ঈদুল আজহার জামাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা/ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ঈদগাহ মাঠে মুসল্লিদের ঢল নামে। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সরেজমিনে দেখা যায়, ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের দীর্ঘ সারি। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।

জামাতে ইমামতিত্ব করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ’র ইমাম ও খতীব হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।

জেলার সর্ববৃহৎ এই ঈদ জামাতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

জামাত শুরুর আগে বক্তারা কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “সবার সহযোগিতা পেলে আমরা ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো।”

ঈদের নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭টি উপজেলায় মোট ১ হাজার ৯১২টি মসজিদ এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন