
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
দিবসের শুরুতে সকালে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার আইন বিভাগ একটি আকর্ষণীয় স্টল স্থাপন করে। স্টলে আইন বিভাগের ম্যাগাজিন, প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ‘ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো. নায়ীম আলীমুল হায়দার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-উপদেষ্টা সহকারী অধ্যাপক তানজিলা তামান্না।
স্টল পরিচালনা ও উপকরণ বিতরণের দায়িত্বে ছিলেন ‘ল’ ক্লাবের সভাপতি মুহাম্মদ রাহাদ খান, সাধারণ সম্পাদক ইফরাজ আহমেদ ইয়াম, সহ-সভাপতি অর্পিতা রানি বর্মণ, মিনহাজুল ইসলাম ও সামিয়া ইসলাম রিদি।
এছাড়াও মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হাবিবা আক্তার এবং জয়েন্ট মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মো. নুরনবি ও আফরিনা সুলতানা মিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বাইউস্ট আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রমও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।









