রবিবার ১৪ জুন, ২০২৬

এইচএসসি পরীক্ষার সব কেন্দ্র থাকবে সিসিটিভির নজরদারিতে, তথ্য চাইল শিক্ষা বোর্ড

রাইজিং ক্যাম্পাস

ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এ লক্ষ্যে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিসিটিভির ডিভিআর ও এনভিআর এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে ডিভিআর ও এনভিআরের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আগামী ২১ জুনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আইডি-পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য ই-মেইলের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

এসব তথ্য [email protected] ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ই-মেইলের বিষয় (Subject) হিসেবে ‘CCTV EIIN Number’ উল্লেখ করতে হবে। উদাহরণ হিসেবে ‘CCTV 888888’ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজেদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য সকল পরীক্ষা কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রগুলোর সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার হলে পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস ও নকলের মতো কর্মকাণ্ড আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও পড়ুন