রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

এআইকে কাজে লাগানোর উদ্যোগ, প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Meta Platforms
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে।

চলতি বছরের ২০ মে থেকে শুরু হতে পারে এই প্রক্রিয়ার প্রথম ধাপ, আর বছরের দ্বিতীয়ার্ধে আরও এক দফা ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। এতে প্রতিষ্ঠানটির ভেতরে কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ধাপে মেটা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে। যদিও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—এটি এখন কেবল সময়ের ব্যাপার।

এই ছাঁটাইয়ের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের চাপ। মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠানটিকে পুরোপুরি এআই-নির্ভর কাঠামোয় রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এর অংশ হিসেবে ইতোমধ্যে “অ্যাপ্লাইড এআই” নামে একটি নতুন ইউনিটও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে মেটা যখন কর্মী ছাঁটাই করেছিল, তখন প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা তুলনামূলকভাবে দুর্বল ছিল। তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন। গত বছর প্রায় ২০০ বিলিয়ন ডলার আয় এবং ৬০ বিলিয়ন ডলার মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

তবুও নতুন করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে—ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা নিজেদের সম্পূর্ণভাবে এআই-কেন্দ্রিক কোম্পানিতে রূপান্তর করতে চাইছে।

আরও পড়ুন