মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬

উপাচার্যকে সংবর্ধনা দিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ

কুবি প্রতিনিধি

Rising Cumilla - Comilla university English Department
উপাচার্যকে সংবর্ধনা দিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিমকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগ। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের মধ্যে প্রথম উপাচার্য হিসেবে গত ১৪ মে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) কলা অনুষদের ৫০১ নম্বর রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগটির সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আহ্বায়ক অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সদস্য সচিব মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার ও সদস্য বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আজকের এই সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বিভাগের প্রতি আমার আবেগ ও আত্মিক টান রয়েছে। উপাচার্যের দায়িত্ব গ্রহণের সময়ও আমি আমার বিভাগের সহকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলাম। তারা সবসময় আমার পাশে ছিলেন। এটি সত্যিই অন্যরকম ভালো লাগা। এই বিভাগটি আগামী দিনে আরও অনেক উন্নতি করবে এবং অন্যান্য বিভাগ থেকে ভিন্নতা ও স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে— সেই প্রত্যাশা রইলো।”

অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “আমাদের বিভাগের একজন শিক্ষক আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে আমাদের বিভাগ স্বকীয়তা ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আরও সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের বিভাগ একটি সত্যিকারের মাল্টিকালচারাল বিভাগ হিসেবে গড়ে উঠুক। যেখানে শিক্ষার্থীরা শুধু সাহিত্যচর্চাতেই নয়— বরং গান, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও সমানভাবে নিজেদের বিকশিত করার সুযোগ পাবে।”

অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন,”কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি তিনবার ইংরেজি বিভাগের চেয়ারম্যান এবং পাঁচবার কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাঁর মতো দক্ষ ও অভিজ্ঞ একজন উপাচার্যের প্রয়োজন ছিল। উপাচার্যের দায়িত্বে থাকলেও তিনি মূলত ইংরেজি বিভাগেরই একজন শিক্ষক এবং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার মিশন ও ভিশন বাস্তবায়নের পথে আরও এগিয়ে যাবে।”

আরও পড়ুন