
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি ও উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের সহায়তায় মোট ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।
বাজেট বরাদ্দের তুলনামূলক চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্টআপ তহবিল খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির জন্য এ বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সরকার ধাপে ধাপে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করছে। নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আগামী অর্থবছরে আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।











