
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৪২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিপ্রতি ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ দফা দাম বাড়ানো হয়েছে, ৪০ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।










