
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এর ফলে উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও সরকার গুরুত্ব দিচ্ছে।’
তিনি জানান, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের স্বাস্থ্য খাতের বাজেটকে সর্বোচ্চ উল্লেখ করে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনবল সংকট দূর করতেও কাজ চলছে। এরই মধ্যে দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ ভেরিফিকেশন চলছে।
দেশে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে অবকাঠামো উন্নয়নের নামে অর্থ অপচয় হয়েছে বলে অভিযোগ করেন সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ওই সময়ে যেসব মেশিন আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলো ব্যবহার উপযোগী ছিল না। অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত না করলে স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনা প্রসঙ্গেও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভারত ফারাক্কায় পানি আটকে রাখলে বাংলাদেশও তিস্তার পানি সংরক্ষণের উদ্যোগ নেবে। শুষ্ক মৌসুমে এসব পানি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।









