
২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ দুটি প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।
এবারের হজ ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর হলো, বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১-এর সুবিধা
হজ প্যাকেজ-১ অনুযায়ী, মক্কায় মসজিদুল হারাম থেকে ১ থেকে ১.৪ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকায় হোটেল বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে।
সাশ্রয়ী প্যাকেজে যা থাকছে
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলের ব্যবস্থা রাখা হয়েছে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।
এ প্যাকেজে মিনায় জোন-৫-এ তাঁবু বরাদ্দ দেওয়া হবে। মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
এ ছাড়া হোটেল যদি হারাম শরিফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরবের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাস ব্যবহারের সুবিধা পাবেন হজযাত্রীরা।
ধর্ম মন্ত্রণালয়ের আশা, বিমান ভাড়া কমানো এবং দুটি পৃথক প্যাকেজ চালুর ফলে ২০২৭ সালের হজযাত্রীরা নিজেদের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী সহজে প্যাকেজ নির্বাচন করতে পারবেন।











