
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে এক রাতেই ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, কিশোর-তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই, ইভটিজিং, মারামারি ও বিভিন্ন ধরনের সহিংস অপরাধে উঠতি বয়সী কিশোর-তরুণদের সম্পৃক্ততার অভিযোগে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নগরীর বিভিন্ন আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা এবং বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৬২৪ জনের বিষয়ে তাদের পূর্বের অপরাধের রেকর্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। কিশোর ও তরুণরা যাতে কোনোভাবেই অপরাধের পথে না যায় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কুমিল্লা জেলা পুলিশ।










