
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড়িউড়া এলাকার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ‘বাড়িউড়া প্রাচীন পুল’ আজও প্রায় ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই পুলটি স্থানীয়ভাবে ‘হাতিরপুল’ নামে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
জানা যায়, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পুলটিকে ‘পাখি বাবার মাজার’ হিসেবে প্রচার করে আসছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ফলে অনেক সাধারণ মানুষ, লোকমুখে শুনে, মনের আশা পূরণের আকাঙ্ক্ষায় বিভিন্ন মানত নিয়ে দূরদূরান্ত থেকে এখানে ছুটে আসছেন। অনেকে নগদ অর্থ ও উপঢৌকন রেখে যাচ্ছেন।

তথ্য অনুযায়ী, ১৬’শ শতাব্দীতে দেওয়ান শাহবাজ খান দেওয়ানি লাভের পর সরাইল থেকে শাহবাজপুরে যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণ করেন, যা প্রায় ১৬৫০ সালে তৈরি হয়। তখনকার দিনে দেওয়ান ও জমিদাররা হাতির পিঠে চলাচল করতেন, এবং এই পুলের কাছে হাতি নিয়ে বিশ্রাম নিতেন বলে এটি ‘হাতিরপুল’ নামে পরিচিতি পায়।
দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও ২০১৯ সালে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটি প্রত্নসম্পদ হিসেবে তালিকাভুক্ত করে। তবে, যথাযথ তদারকির অভাবে এই ঐতিহাসিক পুলের প্রকৃত পরিচয় আজ ঝুঁকির মুখে। একদিকে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, অন্যদিকে হারিয়ে যেতে বসেছে আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয়দের দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে এই বিভ্রান্তি বন্ধ হবে এবং ঐতিহাসিক ‘হাতিরপুল’ তার প্রকৃত মর্যাদা ফিরে পাবে।










