
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে কেওড়া বাগানে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে মরদেহটি উদ্ধারে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে থাকে। দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি দেখে পুলিশকে জানানো হয়েছে।
কিন্তু রাত হয়ে গেলেও মরদেহটি উদ্ধার করা হয়নি। এদিকে, স্থানীয়দের অভিযোগ মরদেহ উদ্ধারে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে মরদেহটি পড়ে আছে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, তারা বিষয়টি মাত্র জানতে পেরেছেন। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে গিয়েছে। তবে ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। খবর পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়। তবে বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থাকায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। তবে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হবে।










