বুধবার ৮ জুলাই, ২০২৬

হাঁটু পানিতে নেমে রেললাইন পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - The State Minister inspected the railway tracks while wading through knee-deep water.
হাঁটু পানিতে নেমে রেললাইন পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ সময় তিনি হাঁটুসমান পানিতে নেমে রেললাইনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বাংলাদেশ রেলওয়ে জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রেললাইনের প্রায় ৫০০ মিটার অংশ প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময়ও সেখানে দেড় ফুটের মতো পানি জমে ছিল।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জলাবদ্ধতার কারণ এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

এদিকে যেসব যাত্রী নির্ধারিত ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন