
শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
তিনি বলেন, স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এর ফলে পড়ালেখার প্রতি মনোযোগ কমছে, নষ্ট হচ্ছে মূল্যবান সময়। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পেছনেও শিক্ষার্থীদের হাতে হাতে স্মার্টফোন ব্যবহারের বিষয়টি অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে স্মার্টফোন কিনে না দেওয়ায় অল্পবয়সী সন্তানরা অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করছে। এটি কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগের প্রয়োজনে দেড় থেকে দুই হাজার টাকা দামের সাধারণ বাটন ফোন দেওয়া যেতে পারে। কিন্তু পড়াশোনার বয়সে তাদের হাতে কোনোভাবেই স্মার্টফোন তুলে দেওয়া উচিত নয়।
অভিভাবকদের আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সন্তান যখন স্মার্টফোন ব্যবহারের উপযুক্ত বয়সে পৌঁছাবে, তখন সামর্থ্য অনুযায়ী তাকে দামি ফোন কিনে দেওয়া যাবে। কিন্তু স্কুল-কলেজে পড়ার সময় আবেগের বশে স্মার্টফোন দিয়ে সন্তানের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না।
এ সময় কিশোর ও তরুণদের প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বের করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, নিয়মিত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ও সাবেক কমিশনার হাজী আব্দুস সালাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
পরে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মনিরুল হক সাক্কুসহ অন্যান্য অতিথিরা।










