
গত সাড়ে তিন বছরের বেশি সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি ও নিহতদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে ৫ হাজার ৮৪ জন সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যরা এই সহায়তা পেয়েছেন।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় সেশনের সপ্তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, সরকারি এ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার। এ পর্যন্ত ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারকে অনুদান দেওয়া হয়েছে।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারের কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন।








