রবিবার ১৮ অক্টোবর, ২০২৬

সরাইল রিজিয়নে ১০ মাসে ৯৫৭ কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩৩৩

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Drugs and smuggled goods worth Tk 957 crore seized in Sarail region over 10 months, 333 individuals detained
সরাইল রিজিয়নে ১০ মাসে ৯৫৭ কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩৩৩/ছবি : সংগৃহীত

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১৩ টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৩৩৩ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার।

এ ছাড়া অবৈধভাবে উত্তোলন করা ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ লক্ষ্যে পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও কাজ করছে বাহিনীটি।

তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সবাইকে গুজব এড়িয়ে চলার এবং কোনো সন্দেহজনক তথ্য পেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

আরও পড়ুন