সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

মানি চেঞ্জার ও স্বর্ণ ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার ডিলার, মানি এক্সচেঞ্জ ও স্বর্ণ ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত বিদ্যমান নিয়মাবলি একক সার্কুলারের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট নীতিমালা সহজে জানা ও অনুসরণ করার সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে অথরাইজড ডিলার, মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার ও স্বর্ণ আমদানিকারকদের লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত বিদ্যমান নির্দেশনাগুলো একত্র করা হয়েছে।

নতুন সার্কুলারে লাইসেন্স ইস্যু ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি এবং অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন বিধিনিষেধ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি তথ্য সরবরাহের বাধ্যবাধকতা, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন এবং লাইসেন্স বাতিলের ক্ষমতাসংক্রান্ত বিধানও রাখা হয়েছে।

এ ছাড়া স্বর্ণের আকরিক ও বার আমদানিকারকদের যোগ্যতার মানদণ্ড এবং আবেদনপ্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে সার্কুলারে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অথরাইজড ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবেন। তবে লাইসেন্স প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের হাতেই থাকবে।

সার্কুলারটি এক বছরের জন্য কার্যকর থাকবে। এতে উল্লেখিত বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আগের নির্দেশনাগুলো বাতিল বলে গণ্য হবে। তবে বাংলাদেশ ব্যাংকের জারি করা অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা ও সংশোধনী কার্যকর থাকবে।

আরও পড়ুন