শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

সব ধর্মের মানুষ বাংলাদেশের সমান অংশীদার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - People of all religions are equal stakeholders in Bangladesh- Agriculture Minister
সব ধর্মের মানুষ বাংলাদেশের সমান অংশীদার: কৃষিমন্ত্রী/ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশে বসবাসকারী সব ধর্মের মানুষই সমান অংশীদার। তাই দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা হচ্ছে মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। মানুষের কল্যাণ নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণও নিশ্চিত হবে।

তিনি বলেন, আমাদের পূর্বসূরিরা আমাদের জন্য একটি সুন্দর দেশ রেখে গেছেন। আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম প্রধান দায়িত্ব। সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী।

মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে। এসব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক রোজী আক্তার।

এ সময় জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী তপু ও সঞ্জিত দেবনাথসহ কুমিল্লার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কৃষিমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন