শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পাশে ফায়ার সার্ভিস

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Fire service to control traffic on roads

চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন-এর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান বিধায় আমাদের সদস্য ও ভলান্টিয়ারগণ এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন।”

উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।

আরও পড়ুন