শুক্রবার ১৯ জুন, ২০২৬

সংসদে তিতাসকে পৌরসভায় উন্নীত করার দাবি কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভুঁইয়ার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Selim Bhuiyan
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লার তিতাস উপজেলাকে পৌরসভায় উন্নীত করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।

এ সময় এমপি সেলিম ভুঁইয়া বলেন, তিতাস উপজেলার জগতপুর, সাজন, মজিদপুর, কড়িকান্দি, জিয়ারকান্দি ও বলরামপুর ইউনিয়নের আংশিক অংশ নিয়ে একটি পৌরসভা গঠন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। দ্রুত বর্ধনশীল এই জনপদকে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার আওতায় আনতে পৌরসভা গঠন এখন সময়ের দাবি।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিজানুর রহমান আলমগীর জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী প্রয়োজনীয় শর্ত ও তথ্য-উপাত্ত পাওয়া গেলে নতুন পৌরসভা গঠনের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।

সংসদে তিতাসকে পৌরসভায় উন্নীত করার বিষয়টি উত্থাপিত হওয়ায় হোমনা-তিতাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের আশা, এমপি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার উদ্যোগে তিতাস পৌরসভা গঠনের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে এবং এলাকার নাগরিক সুবিধা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন