
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকা থেকে ইয়াবাসহ মা-মেয়ে ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে ৩০ দিন এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে শিকিরগাঁও এলাকায় রিনা আক্তারের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে সংশ্লিষ্টতার অভিযোগে রিনা আক্তার ও আবেদা বেগমকেও গ্রেপ্তার করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শিকিরগাঁও এলাকার মৃত সুন্দর আলীর স্ত্রী আবেদা বেগম (৬০), তার মেয়ে রিনা আক্তার (৩০) এবং লক্ষনখোলা গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩০)।
পুলিশ জানায়, রিনা আক্তারের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, নিয়মিত মামলায় আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক চতুর্থ আদালত, কুমিল্লার সামারি ট্রায়ালের মাধ্যমে জাহাঙ্গীর ও রিনা আক্তারকে ৫০০ টাকা করে অর্থদণ্ডসহ ৩০ দিনের কারাদণ্ড দেন। এছাড়া আবেদা বেগমকে ১ হাজার টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরে শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










