
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। মাঠে তার অসাধারণ নৈপুণ্য, রেকর্ড আর অর্জনের গল্প কমবেশি সবারই জানা। তবে শৈশবে স্কুলের শ্রেণিকক্ষে কেমন ছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি, তা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মেসির সপ্তম শ্রেণির একটি পুরোনো রিপোর্ট কার্ড। আর সেই নথি থেকেই জানা গেছে, পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই ফুটবলে কতটা মনোযোগী ছিলেন তিনি।
আর্জেন্টিনার রোসারিও শহরের জেনারেল লাস হেরাস স্কুল নম্বর ৬৬-এর ওই রিপোর্ট কার্ড অনুযায়ী, ১২ থেকে ১৩ বছর বয়সে মেসি যখন নিওয়েলস ওল্ড বয়েজের যুব একাডেমিতে খেলতেন, তখন শারীরিক শিক্ষায় পেয়েছিলেন পূর্ণ নম্বর। অন্যদিকে বেশির ভাগ সাধারণ বিষয়ে তার গড় নম্বর ছিল ৬।
নথিতে দেখা যায়, শিল্পকলা ও সংগীতের প্রতিটি বিষয়ে মেসির প্রাপ্ত নম্বর ছিল ৮। গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তির মতো বিষয়গুলোতে তার গড় নম্বর ছিল ৬। অর্থাৎ শ্রেণিকক্ষের পড়াশোনায় মোটামুটি ভালো শিক্ষার্থী হলেও শারীরিক শিক্ষায় তার পারফরম্যান্স ছিল অন্যদের চেয়ে আলাদা।
মেসির শৈশবের শিক্ষকদের স্মৃতিতেও ফুটে উঠেছে তার শান্ত ও লাজুক স্বভাব। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে তাকে গণিত পড়িয়েছিলেন আন্দ্রেয়া সোসা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেসি ক্লাসে খুব একটা কথা বলতেন না। বরং বেশির ভাগ সময় চুপচাপ থাকতেন।
সোসার ভাষায়, ‘খুব লাজুক হওয়ায় ক্লাসে সে একদম চুপচাপ থাকত। তবে মাঠে ফুটবল খেলতে নামলেই পুরো বদলে যেত; তখনই সে সেই লিও হয়ে উঠত, যাকে আজ বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী অধ্যক্ষ ও মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা ডমিনাও তার ব্যক্তিত্বের আরেকটি দিক তুলে ধরেছেন। তার মতে, মেসি স্বভাবে শান্ত হলেও স্কুলে তার বন্ধু ছিল অনেক। সহপাঠীদের কাছেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি।
মনিকা জানান, মেসির সঙ্গে খেলতে সবাই আগ্রহী থাকত। ক্লাস শেষ হওয়ার পর কে আগে মাঠে পৌঁছাতে পারবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যেত। ছোটবেলা থেকেই খেলাধুলা ছিল মেসির সবচেয়ে বড় আবেগ।
বিশ্বসেরা ফুটবলার হওয়ার পরও নিজের শৈশবের স্কুলের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন মেসি। কয়েকবার তিনি ফিরে গেছেন সেই শিক্ষাপ্রতিষ্ঠানে। তার সহযোগিতায় স্কুলটি কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম পেয়েছে। এ ছাড়া বিরতির সময় যে মাঠে বন্ধুদের সঙ্গে খেলতেন, সেই মাঠের বেঞ্চগুলোও মেরামত করা হয়েছে।
শুধু তাই নয়, ইউরোপে পাড়ি জমানোর আগে যে ক্লাবের হয়ে ফুটবলার হিসেবে তার পথচলা শুরু হয়েছিল, সেই নিওয়েলস ওল্ড বয়েজের রঙেও সাজানো হয়েছে স্কুলটি।











