মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

শৈত্যপ্রবাহ থাকবে যত দিন—জানাল আবহাওয়া অফিস

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Cold wave..
শৈত্যপ্রবাহ থাকবে যত দিন—জানাল আবহাওয়া অফিস/ছবি: সংগৃহীত

তীব্র শীতে কাঁপছে সারা দেশ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের ৪৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী পাঁচ দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ আগামী রবিবার পর্যন্ত বিরাজ করবে। এর সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে আবহাওয়া অফিস জানিয়েছে:

  • আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনে সামান্য বাড়তে পারে।
  • শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, দিনে সামান্য কমতে পারে।
  • শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
  • রবিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলাসহ রাজশাহীর ও রংপুর বিভাগের ১৬ জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ৬ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, আজ বুধবার (০৭ জানুয়ারি)  দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন