শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শীত আসছে, চুয়াডাঙ্গায় হঠাৎ ঘন কুয়াশা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Winter is approaching, sudden dense fog in Chuadanga.
শীত আসছে, চুয়াডাঙ্গায় হঠাৎ ঘন কুয়াশা/ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় দীর্ঘদিনের টানা গরমের পর হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। ভোরের প্রকৃতিতে এসেছে পরিবর্তনের ছোঁয়া। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু আর কুয়াশার চাদর জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় বিভিন্ন যানবাহনকে। এতে ভোরের সড়কগুলোতে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কাটতে শুরু করে। পরে স্বাভাবিক হয়ে আসে দিনের পরিবেশ।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গায় দিনে রোদ, গরম কিংবা বৃষ্টি থাকলেও রাত নামার পর থেকেই হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর এ অনুভূতি আরও বেড়ে যায়।

তাদের মতে, সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাতে ও ভোরে কুয়াশা দেখা গেলেও এবার মাসের মাঝামাঝিতেই ভোরে ঘন কুয়াশা পড়েছে। ভোরের এমন কুয়াশা দেখে অনেকেই আগেভাগেই শীতের আগমনের কথা ভাবছেন।

দীর্ঘ গরমের পর কুয়াশা ও শিশিরে বদলে যাওয়া ভোরের এই দৃশ্য চুয়াডাঙ্গার প্রকৃতিতেও এনে দিয়েছে শীতের আগমনের আবহ।

আরও পড়ুন