
যুক্তরাষ্ট্রে ৮ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পরে গণমাধ্যমকে তিনি বলেন, পুলিশ ফোন করে তাকে মৃত্যুর খবর জানিয়েছে। বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহের একটি অংশের সঙ্গে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মিল পাওয়া গেছে। তবে তার পূর্ণাঙ্গ মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জামিল লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পড়াশোনা করছিলেন, আর নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ দেখা যায় ১৬ এপ্রিল। ওইদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।









