মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

মেঘনা নদীতে মাছ ধরার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

লিশের প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও মাছ ধরতে মেঘনা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ফেরার অপেক্ষায় কেউ জাল বুনছেন, কেউ মেরামত করছেন নৌকা। তবে মাছ ধরার সুযোগ ফিরে পাওয়ার আনন্দের পাশাপাশি সংসার চালাতে গিয়ে জমে ওঠা ঋণ পরিশোধের চিন্তাও ভর করেছে তাঁদের মনে।

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে সরকারিভাবে চাল দেওয়া হলেও পরিবারের অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে। এ সময়ে চালের পাশাপাশি নগদ আর্থিক সহায়তা দেওয়া হলে তাঁদের দুর্ভোগ অনেকটাই কমত।

চাঁদপুরের মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময়ে ওই অঞ্চলের ৪২ হাজার জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার জেলেরা জানান, সরকারি চাল তাঁদের খাদ্যসংকট কিছুটা কমালেও সংসারের অন্যান্য ব্যয় মেটানোর জন্য তা যথেষ্ট ছিল না। মাছ ধরে আয় বন্ধ থাকলেও সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালিয়ে যেতে হয়েছে। ফলে বাধ্য হয়ে অনেককে ধারদেনা করতে হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জেলে মিজানুর রহমান ও ফারুক আহমেদ বলেন, নিষেধাজ্ঞার সময়ে চালের পাশাপাশি নগদ আর্থিক সহায়তা দেওয়া হলে জেলেরা বেশি উপকৃত হতেন। শুধু চাল দিয়ে পরিবারের সব খরচ মেটানো সম্ভব নয়। ভবিষ্যতে সরকার বিষয়টি বিবেচনা করলে তাঁদের দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জেলে হারুনও একই সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় তাঁর আয়ের পথ বন্ধ ছিল। এ সময়ে পরিবার চালাতে গিয়ে ঋণের বোঝা বেড়েছে। সরকারিভাবে চাল পেলেও তা দিয়ে সংসারের সব ব্যয় মেটানো সম্ভব হয়নি।

চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকার জেলে বাচ্চুও নিষেধাজ্ঞার দিনগুলোতে পরিবার নিয়ে কষ্টে দিন কাটিয়েছেন। তিনি জানান, সন্তানদের পড়াশোনা, চিকিৎসাসহ বিভিন্ন খরচ মেটাতে ধারদেনা করতে হয়েছে। এখন মাছ বিক্রি করে যে আয় হবে, তা দিয়েই নিষেধাজ্ঞার সময়ে জমে ওঠা ঋণ পরিশোধ করতে হবে।

জেলেদের নগদ আর্থিক সহায়তার দাবির বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জেলেদের আর্থিক সহায়তা দেওয়ার মতো কোনো বরাদ্দ নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা চলাকালে অভিযান চালিয়ে তিন শতাধিক জেলেকে আটক করা হয়েছে। তাঁদের জেল-জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ মাছ, নৌকা ও জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা চলাকালে অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ইলিশের উৎপাদন বাড়াতে শুধু ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করলেই হবে না, বছরের অন্যান্য সময়েও মাছ সংরক্ষণের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের মতে, এবারের অভিযান সফল হওয়ায় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে। আগামী নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ এবং মার্চ-এপ্রিল মাসে অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

তিনি আশা প্রকাশ করেন, এসব সংরক্ষণ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন ৬ লাখ মেট্রিক টনে উন্নীত করা যাবে।

আরও পড়ুন